logo

ঢাবি নিয়ে এমপি ফজলুরের বক্তব্যে সাদিক কায়েমের বিবৃতি

ঢাবি নিয়ে এমপি ফজলুরের বক্তব্যে সাদিক কায়েমের বিবৃতি
ফজলুর রহমান ও সাদিক কায়েম। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর শিক্ষার্থীদের নিয়ে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

তিনি, ফজলুর রহমানকে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তাকে সংসদ সদস্য করায় এর দায় বিএনপিও এড়াতে পারে না বলে মন্তব্য করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম এসব কথা জানান।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাকশাল নেতা এবং বর্তমান বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাদিক কায়েম বলেন, দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ হিসেবে আখ্যায়িত করা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। ফজলুর রহমান বাকশাল ত্যাগ করলেও বাকশালি আদর্শ ও ঘৃণার চর্চা থেকে বের হতে পারেননি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিকভাবে হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। এ ধরনের উগ্রবাদী ও জঙ্গিবাদী মানসিকতার দায়ভার তাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া বিএনপিও এড়াতে পারে না।

আলটিমেটাম দিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, তাকে (ফজলুর রহমান) অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।