খুবিতে ব্রাজিলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

এশিয়া পোস্ট নিউজ, খুবি
খুবিতে ব্রাজিলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সমর্থক দল। ছবি: এশিয়া পোস্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ে 'খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা'র (কুসাক) উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টায় খুলনার প্রথম অত্যাধুনিক কৃত্রিম ঘাসের (আর্টিফিশিয়াল গ্রাস) মাঠ ‘খুলনা টার্ফে’ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে ব্রাজিল দলের খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখালেও পরবর্তীতে ম্যাচের মোড় ঘুরে যায়। আর্জেন্টিনার ক্রমাগত আক্রমণে একপর্যায়ে দিশেহারা হয়ে পড়ে ব্রাজিল রক্ষণভাগ। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আর্জেন্টিনা দল তিনটি গোল করতে সক্ষম হয়; বিপরীতে ব্রাজিল দেয় একটি গোল।

দ্বিতীয়ার্ধে মাশরাফি ও মেহেদী মাসুদের গোলে সমতায় ফেরে ব্রাজিল দল। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার খেলোয়াড়দের তীব্র আক্রমণে আরও তিনটি গোল হজম করতে হয় তাদের। ফলে ব্রাজিলকে ৬-৩ গোলে হারিয়ে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

কুসাকের সভাপতি সাকিব শাহারিয়ার হাফিজ বলেন, ব্যস্ত একাডেমিক জীবনের ক্লান্তি দূর করতে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের এই প্রতিযোগিতা আমাদের মধ্যকার ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। চুয়াডাঙ্গা থেকে আগত খুলনা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে শুধু খেলার মাঠেই নয়, বরং শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও চুয়াডাঙ্গার নাম উজ্জ্বল করবে।

ব্রাজিল দলের অধিনায়ক মেহেদী মাসুদ বলেন, খেলায় জয়-পরাজয় থাকবে, এটাই নিয়ম। আমরা খেলার মাধ্যমে এত মানুষ একত্রিত হয়েছি, এটাই বড় আনন্দের বিষয়। ব্রাজিল দলকে জেতানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জয়লাভ করতে পারিনি। দলের অন্য সদস্যরা ভালো খেলেছে, বিশেষ করে মাশরাফির পারফরম্যান্স অনেক ভালো ছিল।

আর্জেন্টিনা দলের অধিনায়ক কনক আহমেদ তুহিন বলেন, একটি সফল টুর্নামেন্ট আয়োজন প্রমাণ করে আমাদের শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা কতটা চমৎকার। মাঠের এই সৌহার্দ্যপূর্ণ লড়াই শুধু চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মাঝেই নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিবাচক বার্তা ছড়াবে। এই খেলায় জয়লাভের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার অক্লান্ত চেষ্টায় আমরা জয়ী হয়েছি, বিশেষ করে আসিফ আর আবুর খেলা ছিল চোখে পড়ার মতো।

খেলায় কুসাকের অনেক সিনিয়র ও জুনিয়র সদস্য উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন। দুই দলের সমর্থকরাও মাঠে উপস্থিত থেকে নিজ নিজ দলকে উজ্জীবিত করতে বিভিন্নভাবে উৎসাহ জোগান।