logo

প্রতিবারই ফল প্রকাশে দেরি, ভোগান্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

প্রতিবারই ফল প্রকাশে দেরি, ভোগান্তিতে বুটেক্স শিক্ষার্থীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সেমিস্টার ফাইনাল পরীক্ষার দুই মাস পেরিয়ে গেলেও সব বিভাগের ফলাফল প্রকাশ হয়নি। এতে রি-অ্যাডমিশন, পরবর্তী সেমিস্টারের অ্যাকাডেমিক পরিকল্পনাসহ উচ্চশিক্ষায় আবেদনের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

গত ১২ মে প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হলেও অনেক বিভাগের ফলাফল এখন অবধি প্রকাশিত হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয় হতে প্রকাশিত নোটিশ অনুযায়ী ১৫ জুলাই থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়। এতে বিপাকে পড়েছেন রি-অ্যাডমিশন সম্ভাবনায় থাকা শিক্ষার্থীরা। গত সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ হতে না পারলে এই দুই মাস ক্লাসে উপস্থিতি সময় অপচয়ের কারণ হিসবে অভিযোগ করেন তারা। এ ছাড়া ৪৮তম ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আবেদন বিলম্ব ও অনিশ্চয়তার মধ্যে তাদের ইন্টার্নশিপ সম্পন্ন করছে।

ফল প্রকাশ নিয়ে অপেক্ষায় থাকা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নাজরানা মেহনাজ দিবা জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ আবেদনের প্রেক্ষিতে আমাদের গত সেমিস্টারের ফলাফল সংযুক্ত করতে হয়। কিন্তু জুন মাসে শুরু হওয়া পরীক্ষার ফলাফল আমরা এখনো পাইনি। তাই আমাদের উচ্চশিক্ষায় আবেদনে বিলম্ব ঘটছে।

ইন্টার্নশিপ শেষ করে আসা শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, আমার অনেক সহপাঠী আছে যাদের একাধিক বিষয়ে রিটেক আছে। কিন্তু তারা বর্তমানে ইন্টার্নিশিপের শেষ পর্যায়ে। এ সময় ফলাফল প্রকাশের পর যদি তাদের রি-অ্যাডমিশন নিতে হয়, তবে তারা তীব্র মানসিক যন্ত্রণায় ভুগবে। তাই প্রশাসনের উচিত দ্রুত ফলাফল প্রকাশে কাজ করা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম বাচের শিক্ষার্থী এম এম ফাহাদ জয় জানান, নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে প্রায় দুই মাস হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমরা পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল জানতে পারিনি। এর ফলে নতুন সেমিস্টারে কতটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করব, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ছন্দ খুঁজে পাচ্ছি না। আগের সেমিস্টারের ফলাফল সম্পর্কে যদি একটা ধারণা পেতাম, তাহলে সেই অনুযায়ী নিজের পড়াশোনার পরিকল্পনা সাজাতে পারতাম এবং নতুন করে পড়াশোনায় আগ্রহ তৈরি হতো।

টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ৫০তম ব্যাচের সাব্বির হোসেন জানান, কারিকুলামে সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টি বলা হলেও দুঃখের ব্যাপার, ফলাফল প্রকাশে প্রশাসনের এত অনীহা দেখে একজন শিক্ষার্থী হিসেবে আমরা চরম লজ্জিত এবং হতাশ।

ফলাফল প্রকাশে বিলম্বের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হককে জিজ্ঞেস করলে তিনি এশিয়া পোস্টকে জানান, ইতোমধ্যে ৫১তম ব্যাচের সব বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। আজকের মধ্যে ৫০তম ব্যাচেরও সব বিভাগের ফলাফল প্রকাশিত হয়ে যাবে এবং ধীরে ধীরে সব ব্যাচের ফলাফল দেওয়া হবে। প্রত্যেক বিভাগকে একটা টাইমলাইন দিয়েছি কিন্তু বিভাগগুলো ফলাফল দিতে দেরি করায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের রিটেক ক্লিয়ার হলে তা ফলাফলের সাথে সমন্বয় করতে হয় তাই সিনিয়র ব্যাচের ফলাফল প্রস্তুত হলেও জুনিয়র ব্যাচের ফলাফল প্রকাশের আগে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগ সময়মতো ফলাফল জমা দিলেই যথাযথ সময়ে ফলাফল প্রকাশিত হবে।