তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় শাস্তির মুখে ছাত্রদল নেতা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
এর আগে রোববার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন সাজ্জাদ হোসেন। পোস্টটিতে তিনি সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তিনি লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।
একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, “যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জনগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।”
এই ফেসবুক পোস্টের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রদল নেতার এমন ফেসবুক পোস্টের জেরেই তাকে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শোকজ নোটিশ পাঠানো হয়।
কেন্দ্রীয় সংসদ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। এ কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমি সংগঠনের কাছে অনুগত। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দেব।