logo
Advertisement

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় শাস্তির মুখে চবি শিক্ষক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় শাস্তির মুখে চবি শিক্ষক
চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন ওই শিক্ষক। পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ওই পোস্টে আন্দোলন নিয়ে ‘অশ্লীল ও কটাক্ষমূলক’ বক্তব্য পরিলক্ষিত হয়। এই ঘটনার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, বিতর্ক সৃষ্টির পরপরই তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানি যাওয়ার আবেদন করেন। তবে শিক্ষার্থীদের তোপের মুখে এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর গত ১২ জুলাই উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে চবি প্রশাসন। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত হওয়ায় এ নিয়ে আমি এখন কিছু বলতে পারব না। সিদ্ধান্তটি ইতোমধ্যে সিন্ডিকেটের সব সদস্যকে পৌঁছে দেওয়া হয়েছে। তাই সিন্ডিকেটের সচিব হিসেবে এই বিষয়ে আমার নতুন কিছু বলার নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।