logo
Advertisement

শিক্ষাছুটির মেয়াদ শেষেও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চবি উপাচার্য

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চবি
শিক্ষাছুটির মেয়াদ শেষেও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চবি উপাচার্য
৩৬তম বার্ষিক সিনেট সভায় বক্তব্য দেন চবি উপাচার্য ড. মোহাম্মদ আল্-ফরকান। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফরকান বলেছেন, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও যেসব শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি, তাদের বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে।

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে সিনেটরদের প্রশ্নোত্তর পর্বে এই মন্তব্য করেন তিনি। এদিন সকাল ১১ টায় শুরু হয় ৩৬তম বার্ষিক সিনেট অধিবেশন।

দুই পর্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনের প্রথম পর্ব বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। অধিবেশন মুলতবি ঘোষণা করেন সিনেট সভাপতি ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। পরে দুপুর সোয়া দুইটায় পুনরায় শুরু হয় অধিবেশন। সিনেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ছুটিতে যাওয়ার বিষয়টি আলোচনা করেন একজন সিনেটর। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটিতে যাওয়া শিক্ষকদের থেকে বিশ্ববিদ্যালয় তিন কোটি টাকারও বেশি বকেয়া পাবে।

সিনেটরের প্রশ্নের জবাবে সিনেট সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক দেশের বাইরে যান উচ্চশিক্ষার অর্জনের জন্য। কিন্তু অনেকেই যথাযথ সময়ে ফিরেন না। আমরা চাই সম্মানিত শিক্ষকরা যেন বিশ্ববিদ্যালয় ফিরে এসে নিজ বিভাগে যোগদান করেন। তাছাড়া তাদেরকে যথাসময়ে নিজেদের উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসার জন্য প্রশাসন থেকে তাগাদা দেওয়া হয়। তাদেরকে লিখিত চিঠি দেয় কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, যেসব শিক্ষক মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও ছুটি শেষ না করে বিদেশে অবস্থান করছেন এবং কর্মস্থলে যোগদান করছেন না, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটিতে যাওয়া শিক্ষকদের বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন। উপাচার্যের নির্দেশে বিদেশে যাওয়ার শিক্ষকদের থেকে বিশ্ববিদ্যালয়ের বকেয়া হিসাব চূড়ান্ত করা হবে।