Advertisement

জাল সনদে চাকরি, বেরোবি কর্মকর্তা সোহেল বরখাস্ত

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
জাল সনদে চাকরি, বেরোবি কর্মকর্তা সোহেল বরখাস্ত
সোহেল রানা। ছবি : সংগৃহীত

জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সনদপত্র জমা দেন। পরবর্তীতে সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। জবাবে প্রতিষ্ঠানটি জানায়, সোহেল রানার নামে তারা কোনো স্নাতক বা স্নাতকোত্তর সনদ ইস্যু করেনি। পরবর্তী তদন্তে অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, সনদ যাচাইয়ে জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। এ কারণে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে এ ধরনের জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।