Advertisement

৩০ বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
৩০ বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা
সেমিনারে কথা বলছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। ছবি : এশিয়া পোস্ট

দেশের আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, সরকার ও ইউজিসির যৌথ উদ্যোগে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইউজিসি সদস্য বলেন, বর্তমানে দেশের মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম রয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হবে।

তিনি জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ভাষা এবং নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া একাডেমিয়া-শিল্প খাতের সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানো, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর উদ্যোগও রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তরুণেরা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণেরাই হবে ভবিষ্যতের গেম চেঞ্জার। সে কারণেই বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহম্মদ মনজুর মাহমুদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার। সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার প্রসার, বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের কার্যকর অংশীদারত্ব এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও শিল্পবান্ধব করে তোলার মাধ্যমে কীভাবে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা যায়, সে বিষয়েও আলোকপাত করা হয়।

সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।