logo
Advertisement

ভেঙে পড়েছে রাবির শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ

এশিয়া পোস্ট নিউজ, রাবি
ভেঙে পড়েছে রাবির শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ
রাবির বিজ্ঞান ভবনের সামনে অবস্থিত কৃষ্ণচূড়া গাছটি ভেঙে গেছে। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শুধু শিক্ষা ও গবেষণার জন্যই নয়, তার সবুজ-শ্যামল পরিবেশের জন্যও বিশেষভাবে পরিচিত। ক্যাম্পাসের বিস্তীর্ণ সবুজের মাঝে পুরোনো গাছগুলো যেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রজন্মের পর প্রজন্মকে ছায়া দেওয়া এমনই একটি গাছ এবার ভেঙে পড়েছে।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে অবস্থিত ছায়াদানকারী কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের অনেকে সেখানে ছুটে যান। কেউ বিস্মিত হয়ে দেখেছেন তার বিশাল কাণ্ড, কেউ মোবাইল ফোনে ধারণ করেছেন শেষ দৃশ্যটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই গাছটির সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো স্মৃতি তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের রহমান গাছটির স্মৃতিচারণ করে বলেন, আমরা যারা প্রথম বিজ্ঞান ভবনের শিক্ষার্থী আছি তাদের কষ্টটা একটু বোধহয় বেশি। এইতো কয়েক দিন আগেই আমরা এখানে প্রোগ্রাম করলাম। ডিপার্টমেন্টে যত ধরনের অনুষ্ঠান হোক এখানে এসেই ছবি তুলি। প্রতিদিন বিল্ডিংয়ে ঢুকার আগে পরে চোখে পরে। এত স্মৃতি কীভাবে ভুলি।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ক্যাম্পাসের একটা জীবন্ত প্রাণ ও ইতিহাসের একটা অংশ চিরতরে হারিয়ে গেল। থমকে যাওয়া এই ডালে ডালে আজও লেগে আছে অজস্র শিক্ষার্থীর মায়া।

মুবতাসির ফুয়াদ নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় শতবর্ষী কৃষ্ণচূড়া গাছটা ভেঙে পড়েছে। প্রেমিকা মারা গেলে হয়তো এত বেশি দুঃখ হতো না। এই কৃষ্ণচূড়া গাছটা ঘিরে বর্ষা উৎসব করতে চেয়েছিলাম।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ এশিয়া পোস্টকে বলেন, গাছটি অত্যন্ত সুন্দর ছিল। গাছটিকে দেখে কখনও মনে হয়নি যে এটা ভেঙে পড়ে যাবে। ক্যাম্পাসের অন্যান্য বয়স্ক কৃঞ্চচূড়া গাছগুলোর চেয়ে এ গাছটির গঠনও আলাদা ছিল। আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে হারালাম।

শিক্ষার্থীরা জানায়, আগে রোদে ঘেমে ও বৃষ্টিতে ভিজে ক্লান্ত শিক্ষার্থীরা তার ছায়ায় বসেছেন। কেউ বই খুলে পড়েছেন, কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতেছেন। পরীক্ষার ব্যস্ততার ফাঁকে কিংবা ক্লাস শেষে অনেকেরই একটু স্বস্তির জায়গা ছিল এই গাছের ছায়া। কৃষ্ণচূড়ার মৌসুমে দৃশ্যটা হয়ে উঠত আরও অন্যরকম। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা লাল ফুলে গাছটি যেন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠত। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অসংখ্য শিক্ষার্থী। কেউ হয়তো ছবি তুলেছেন প্রিয়জনের সঙ্গে, কেউবা একা দাঁড়িয়ে স্মৃতিতে ধরে রেখেছেন গাছটির সৌন্দর্য।