‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে গত ৪ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।
মঙ্গলবার (১৮ আগস্ট) এশিয়া পোস্টের সম্পাদক বরাবর তিনি এক প্রতিবাদলিপি পাঠান।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ৪ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনটি তার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে সর্বশেষ নামটি আংশিকভাবে তার নামের সঙ্গে মিলে যাওয়ায় তিনি বিস্মিত হয়েছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে অধ্যাপক মাহবুব বিন শাহজাহান বলেন, আমি ব্যক্তিগতভাবে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করি না। ওই গ্রুপে আমাকে কে যুক্ত করেছেন, তাও আমি জানি না। এ বিষয়ে আমি কোনো নোটিফিকেশনও পাইনি। ফলে ওই গ্রুপের কোনো কার্যক্রম সম্পর্কেই আমি অবগত নই।
বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তার নাম আংশিকভাবে থাকায় তিনি বিভ্রান্ত হয়েছেন। এ বিষয়ে তার বক্তব্যটি পত্রিকার মাধ্যমে সর্বসাধারণকে অবহিত করার জন্য তিনি প্রতিবাদলিপি পাঠিয়েছেন।


