জাবিতে র্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গতকাল ২০ জুলাই রাত ১০ থেকে ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে নিয়ে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ বা ক্যাম্পাসের অভ্যন্তরে টিজিং, র্যাগিং কিংবা যে কোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল।
অফিস আদেশে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)






