যবিপ্রবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাভিত্তিক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে তাদের এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর পদকপ্রাপ্তির একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেই তালিকায় যবিপ্রবির তিন শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের রয়েছেন ৬ জন। তারা হলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মন্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মো. ইসমাইল এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান।
২০২০ শিক্ষাবর্ষের মনোনীত ৭ শিক্ষার্থী হলেন কেমিকৌশল বিভাগের মো. রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছা. শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন।
এছাড়া ২০২১ শিক্ষাবর্ষের পদক পাচ্ছেন ৩ জন শিক্ষার্থী। তারা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছা. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় মেধাবিকাশ ও মেধার মূল্যায়নে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের এই ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
