Advertisement

শিবিরের অপতৎপরতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া পোস্ট প্রতিবেদক
শিবিরের অপতৎপরতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে মিছিল। ছবি: এশিয়া পোস্ট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিবিরের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে খোরশেদ আলম সোহেল বলেন, ‘ঐতিহাসিক ছাত্র-জনতার ২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং জুলাই ঐক্য বিনষ্ট করে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবির সন্ত্রাসীদের কর্তৃক অস্থিতিশীল পরিবেশ তৈরির হীন প্রচেষ্টার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ করেছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার সুষ্ঠু পরিবেশে বিশ্বাস করে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সম্মুখে থাকে। ছাত্রদলকে চাইলেই দমিয়ে রাখা যাবে না।’