logo
Advertisement

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
সংগ্রহশালায় ভাঙচুরের পর বিকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডাকসু জিএস ফরহাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে বেশ বিতর্ক চলছে। এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটি বুঝাতেই তার ছবিটি ডাকসু সংগ্রহশালায় টাঙানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের পর বিকালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এস এম ফরহাদ বলেন, আমরা দেখেছি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা একটি দাবি জানিয়েছে। সেটির কপি আমাদের কাছেও এসেছে। একই সঙ্গে তারা বিবৃতিও দিয়েছে যে, ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর একটি ছবি আছে, সেই ছবি সরাতে হবে। এ নিয়ে একটি আলোচনা হয়েছে। কিন্তু তাদের পেছনে যে যুক্তি আছে, আমাদের কাছে মনে হয়েছে সেই যুক্তি এবং তাদের অবস্থানের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে। কেন, সেটা আমি একটু বলি।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন হঠাৎ করে হয়নি। এর আগে অনেকগুলো প্রেক্ষাপট ছিল। ধারাবাহিকভাবে জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই অঞ্চলের পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সেই বক্তব্যটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে উল্লেখ করেছি। ছবির নিচে ক্যাপশনটি ইংরেজিতে ছিল এবং সেখানে তার বক্তব্য সরাসরি কোট করে লেখা ছিল। আমরা দেখিয়েছি, এর পরেই ভাষা আন্দোলনের বাকি প্রেক্ষাপট তৈরি হয়।

ডাকসু জিএস বলেন, আমরা যদি জিন্নাহর ছবিটা না দিতাম, তখন আপনারা আলোচনা করতেন যে, জিন্নাহ বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটা আপনারা লুকিয়েছেন। এটাই বলতেন। নিশ্চয়ই আপনারা এটাই বলতেন। আর যদি আমরা জিন্নাহর ছবি দিয়ে নিচে ক্যাপশন দিতাম যে, তার বক্তব্য ছিল এই অঞ্চলের রাষ্ট্রভাষা উর্দু হবে, তাহলে সেই ছবি ও ক্যাপশন যদি আমরা না দিতাম, তখন হয়তো আপনারা বলতেন, জিন্নাহ যে বাংলা ভাষার বিরোধী অবস্থান নিয়েছিলেন, আমরা সেটা লুকিয়েছি। লুকানোর চেষ্টা করেছি, তাকে দায়মুক্তি দিয়েছি।

তিনি আরও বলেন, এখন যখন আমরা সেটা দিয়েছি, তখন একটি বক্তব্য দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ছাত্রদল তাদের বিবৃতির মাধ্যমে বিপক্ষ অবস্থান নিয়েছে। আমার কাছে মনে হয়েছে, ছাত্রদল এখানে পক্ষান্তরে জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে। তারা চায় জিন্নাহকে দায়মুক্তি দিতে, তারা চায় ছবিটা এখান থেকে সরিয়ে নিতে। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে যে, ২৪ ঘণ্টার মধ্যে এটা না সরালে তারা ব্যবস্থা নেবে। তার মানে তারা চায়, জিন্নাহ যে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটা লুকাতে। তারা দেখাতে চায়, জিন্নাহ এখানে কোনো ভূমিকা পালন করেননি।

ফরহাদ বলেন, পক্ষ-বিপক্ষের বিষয় নয়, আমরা হুবহু ইতিহাসটা উল্লেখ করেছি। তারা ভুল বুঝেছেন। দুটি বিষয় হতে পারে। হয় তারা ইতিহাস কিছুই জানেন না, পড়াশোনা করেন না, জানেনই না যে জিন্নাহ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটা বলা দরকার। অথবা তারা ইচ্ছাকৃতভাবে জিন্নাহকে লুকানোর চেষ্টা করছেন। অর্থাৎ জিন্নাহ যে বাংলাদেশের বিরোধী অবস্থান নিয়েছিলেন, তাদের সম্ভবত জিন্নাহপ্রীতি আছে, জিন্নাহর প্রতি আলাদা ভালোবাসা আছে। ছাত্রদল সে কারণে এটা করেছে।

দীর্ঘ সংস্কারকাজ শেষে গত রোববার ডাকসু সংগ্রহশালা আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শন করা হয়। ছবিগুলোর নিচে বাংলা ভাষার বিরোধিতায় তার অবস্থান তুলে ধরে ঐতিহাসিক ক্যাপশনও যুক্ত করা হয়।

সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।