logo

জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সৈকত হালদারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সৈকত ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র।

বহিষ্কারাদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার পরিপ্রেক্ষিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থী ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ (ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ২(গ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে। কমিটির অন্য সদস্যরা হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)-এর অধ্যাপক ড. কেএম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির। কমিটির সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদকে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক পেজ ‘জবিয়ান্স’-এর একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সৈকত হালদার। মন্তব্যে তাকে ‘বিশ্ব জঙ্গি’ আখ্যা দেওয়ার পাশাপাশি অশালীন ও গালিগালাজপূর্ণ ভাষা ব্যবহার করা হয়। স্ক্রিনশট ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে অভিযুক্ত শিক্ষার্থী মন্তব্যটি সরিয়ে নেন বলে জানা গেছে।

জানা যায়, গত ১২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ‘জবিয়ান্স’ পেজে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটির মন্তব্যের ঘরে ধর্মীয় অনুভূতি ও উপাসনালয় নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যের এক পর্যায়ে সৈকত হালদারের বিরুদ্ধে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।