Advertisement

জুলাই শহীদদের স্মরণে ঢাবির হলে ১৩০ হ্যারিকা পাম গাছ বিতরণ

এশিয়া পোস্ট নিউজ, ঢাবি
জুলাই শহীদদের স্মরণে ঢাবির হলে ১৩০ হ্যারিকা পাম গাছ বিতরণ
ঢাবি স্যার এ এফ রহমান হলে ১৩০টি টবসহ হ্যারিকা পাম গাছ বিতরণ করা হয়। ছবি : এশিয়া পোস্ট

জুলাই শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে হল সংসদের উদ্যোগে ১৩০টি টবসহ হ্যারিকা পাম গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) হল সংসদের এজিএস আব্দুল্লাহ আল জুবাইরের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, হল সংসদের ভিপি রফিকুল ইসলাম, এজিএস আব্দুল্লাহ আল জুবাইর, ক্রীড়া সম্পাদক হাবিব উল্লাহ, আব্দুল্লাহিল আবরার এবং কার্যকরী সদস্য আজগার আলী ও রেদোয়ান মিয়া।

অনুষ্ঠানে ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম বলেন, জুলাই শহীদদের স্মরণে রাখার জন্য ডাকসু শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে রয়েছে জুলাই ইন্টারন্যাশনাল কনফারেন্স, জুলাই স্মৃতি রচনা প্রতিযোগিতা। আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) ডাকসুর উদ্যোগে জুলাই রান এবং একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপনসহ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি স্যার এ এফ রহমান হল সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, জুলাই শহীদদের স্মৃতিকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় থেকেই হলের প্রতিটি কক্ষে একটি করে হ্যারিকা পাম গাছ বিতরণ করা হয়েছে। একই দিনে স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থী এবং হল সংসদের নেতৃবৃন্দ অংশ নেন।