Advertisement

সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীর ওপর ছাত্রদলের মব করে হামলার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীর ওপর ছাত্রদলের মব করে হামলার অভিযোগ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেট। ছবি: সংগৃহীত

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীর ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কলেজের প্রধান ফটকের সামনে তার সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা অভির নেতৃত্বে আনুমানিক ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ ধরনের সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার ওপর চরম আঘাতই নয়, বরং ক্যাম্পাসের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

তিনি বলেন, অবিলম্বে এই মব সংস্কৃতির সঙ্গে জড়িত ছাত্রদল নেতা তৌহিদুল ও অভিসহ হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে এশিয়া পোস্টকে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অথচ আমাকে হেয় করার উদ্দেশ্যে বিভিন্ন ফেসবুক পেজে ছাত্রদল ও আমাকে জড়িয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে আমি তা থামানোর চেষ্টা করি এবং তাদের সরিয়ে দিই। পরবর্তীতে কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টির দুই পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করে। আমি স্পষ্টভাবে বলতে চাই—এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।

এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, গতকাল ভর্তি পরীক্ষা চলাকালে কলেজের সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটি বিষয় নিয়ে আমাদের কাছে বিচার আসে। মূলত একটি অনলাইন ইস্যুকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। অভি এবং ডিবেটিং ক্লাবের জিসানের মধ্যে হওয়া সমস্যা মীমাংসার চেষ্টা করেছি। তবে বারবার ছাত্রদলের নাম জড়ানো হলেও, আমার জানা মতে এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিল না। যদি ছাত্রদলের কেউ জড়িত থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি জিসান এসে আমাকে বলেছে এবং আমি দ্রুত নিচে নেমে গিয়ে ছাত্রদলের সভাপতি জসিমকে বলেছি বিষয়টা তাড়াতাড়ি নিষ্পত্তি করো, নয়তো বিষয়টি আমি অন্যভাবে দেখব।

কলেজের পক্ষ থেকে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার সঙ্গে জিসানের কথা হয়েছে আমি নিচে নেমে ওদেরকে বকাবকি করেছি। তোমাদের নিজেদের উদ্যোগ এটা নিষ্পত্তি করা না হলে সমস্যা আছে বলেছি।