সংসদ অধিবেশন দেখলেন মানারাতের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। সংসদীয় কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং বাজেট-পরবর্তী আলোচনা দেখার লক্ষ্যে রোববার (২২ জুন) সন্ধ্যায় তারা সংসদ ভবন পরিদর্শন করেন।
শিক্ষামূলক এ সফরে বিভাগের ৬০ জন শিক্ষার্থী তাদের শিক্ষকদের সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তারা সংসদের সরাসরি অধিবেশন এবং বাজেট-পরবর্তী আলোচনা দেখার সুযোগ পান।
শিক্ষার্থীরা বিশেষভাবে অধিবেশনের প্রথম এক ঘণ্টা দেখেন। এ সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত বিতর্কে অংশ নেন এবং নিজ নিজ অবস্থান থেকে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।
সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান জানান, মূলত শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখানো এবং সংসদের কারুকার্য ও নান্দনিক স্থাপত্যশৈলী উপভোগ করানোর জন্যই এ সফরের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য বিভাগের পক্ষ নিয়মিত নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে। এটা তারই অংশ।
অধিবেশন শুরু হওয়ার আগে অংশগ্রহণকারীরা সংসদ ভবন কমপ্লেক্স ঘুরে দেখেন এবং জাতীয় সংসদ ভবনের স্থাপত্যিক সৌন্দর্য উপভোগ করেন। পাশাপাশি তারা ভবনের দৃষ্টিনন্দন বহিরাঙ্গন, মনোরম লেক, গোলাপ চত্বর এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।
এ সফর শিক্ষার্থীদের শুধু সংসদ ভবন কমপ্লেক্সের নান্দনিক সৌন্দর্য উপভোগের সুযোগই করে দেয়নি, বরং সংসদীয় অধিবেশন পরিচালনার প্রক্রিয়া এবং জাতীয় শাসনব্যবস্থায় সংসদের ভূমিকা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিয়েছে।
এই শিক্ষামূলক সফর শিক্ষার্থীদের জন্য একাডেমিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় সৃষ্টি করেছে, যা রাজনীতি, শাসনব্যবস্থা এবং জনপরিসর-সংশ্লিষ্ট বিষয়ে তাদের জ্ঞান ও উপলব্ধিকে আরও সমৃদ্ধ করেছে।





