শাবিপ্রবি শিক্ষার্থীকে চা-বাগানে নিয়ে ছিনতাই, আটক ১

সিলেট নগরের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি শেষে বাসায় ফিরছিলেন হাবিবুল্লাহ মেসবাহ। পথিমধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে পৌঁছালে তিন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে নিকটস্থ চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবুল্লাহ মেসবাহ বলেন, ছিনতাইকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরও আমাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আঘাতপ্রাপ্ত অবস্থাতেই কিছুটা সামনে এগিয়ে গিয়ে স্থানীয় লোকজনের সাহায্য চাই। এলাকাবাসীর তাৎক্ষণিক সহায়তায় আমরা পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তকে হাতেনাতে ধরি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েই বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আটক ছিনতাইকারীকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


