logo

সরিয়ে দেওয়া হলো জাবির ভিসি কামরুলকে, নিয়োগ পেলেন নুরুল ইসলাম

সরিয়ে দেওয়া হলো জাবির ভিসি কামরুলকে, নিয়োগ পেলেন নুরুল ইসলাম
উপাচার্য পদ থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও তার স্থলাভিষিক্ত হওয়া অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা নিয়োগের তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন। শনিবার বিকেল চারটায় জান্নাতুল ফেরদৌস সিনেট হলে তার যোগদান অনুষ্ঠান হবে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, গত ১৬ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত মোতাবেক অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বহাল থাকবে।

আরও বলা হয়, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া উপাচার্য পদ থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে তার মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। ভিসি হিসেবে মোট ৭৪৮ দিন (প্রায় ২ বছর ২০ দিন) দায়িত্বে ছিলেন তিনি।