logo
Advertisement

রাবির মারামারির ঘটনায় আহত ফেরদৌস আইসিইউতে

এশিয়া পোস্ট নিউজ, রাবি
রাবির মারামারির ঘটনায় আহত ফেরদৌস আইসিইউতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসা কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত রসায়ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস হাসানকে আইসিইউতে পাঠানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম।

সংঘর্ষের ঘটনায় ফেরদৌস হাসানসহ রসায়ন বিভাগের আরও তিন শিক্ষার্থী সাজিদুর, নোমান ও সামিন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ফেরদৌসকে আইসিইউতে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী জানান, ফেরদৌসকে হাসপাতালে নিয়ে যাবার মতো তার বিভাগের কেউ সেখানে ছিল না। তাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজনই তাকে রিকশায় করে রাবি মেডিকেল সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে।

আহত ফেরদৌস হাসানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম এশিয়া পোস্টকে বলেন, তার সর্বশেষ অবস্থা যা জানতে পেরেছি, সে আইসিইউতে ভালো আছে। বর্তমান সে শঙ্কামুক্ত। অক্সিজেন মাস্ক ছাড়াই সে এখন স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। ডাক্তার একটা সিটিস্ক্যান করতে দিয়েছে। সিটিস্ক্যানের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তীতে যে চিকিৎসা প্রয়োজন তাকে দেওয়া হবে। কিন্তু সর্বশেষ তার অবস্থা এখন ভালো।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিরোধের সমাধান হয়নি। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছন থেকে এ সংঘর্ষের শুরু হয় এবং পরে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের একাডেমিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় একে অপরের ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।