বাঁধন ঢাকা কলেজ ইউনিটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ঢাকা কলেজ ইউনিট (ঢাকা দক্ষিণ জোন) তাদের অগ্রযাত্রার ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (র্যালি) করেছে। একের রক্ত অন্যের জীবন এবং রক্তের বাঁধনে ২৫ বছর, মানবতার পথে অনন্ত প্রহর—এই প্রতিপাদ্য সামনে রেখে উদ্যাপিত হয় রজতজয়ন্তীর আয়োজন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি কলেজের মূল ফটকের সামনের সড়ক ও আবাসিক হল এলাকা প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, ২৫ বছর আগে ‘বাঁধন’-এর সৃষ্টি হয়েছিল। আজ বাঁধনের সেই পথচলার রজতজয়ন্তী উদ্যাপিত হচ্ছে। যারা ২৫ বছর আগে বাঁধন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, তারা মানবতার জন্য একটি অসাধারণ কাজের সূচনা করেছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে বাঁধন সেই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। পৃথিবীতে যতদিন মানুষ ও মানবতা থাকবে, ততদিন ‘বাঁধন’-এর এই কার্যক্রম চলমান থাকবে।
শোভাযাত্রায় সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, কলেজের শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। হাতে বর্ণিল ব্যানার ও পতাকা নিয়ে শত শত স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, মানবসেবায় ‘বাঁধন’-এর ২৫ বছরের দীর্ঘ যাত্রা উদ্যাপন এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধির বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শোভাযাত্রায় উপস্থিত অতিথিরা বাঁধনের মানবিক কাজের প্রশংসা করে আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।



