logo

অপ্রতিম হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির চার্জ শুনানি, পরবর্তী তারিখ ১৪ ডিসেম্বর

অপ্রতিম হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির চার্জ শুনানি, পরবর্তী তারিখ ১৪ ডিসেম্বর
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ -এ এ শুনানি অনুষ্ঠিত হয়।

Advertisement

এদিন মামলার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি অনুষ্ঠিত হয়। তবে তারা সশরীরে আদালতে উপস্থিত ছিল না। গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় ভার্চুয়ালি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানিতে আসামিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, বিচারক অনুপস্থিত থাকায় কারাগারে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানি অনুষ্ঠিত হয়নি।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি মো. বদিউল আলম সুজন গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সে অনুযায়ী বিচারকাজ এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।

গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।