logo
Advertisement

১০ শিক্ষককে নিয়ে প্রতিবেদনের প্রতিবাদ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের

এশিয়া পোস্ট ডেস্ক
১০ শিক্ষককে নিয়ে প্রতিবেদনের প্রতিবাদ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষককে নিয়ে এশিয়া পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবেদনটিকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে সংশোধনী ও ক্ষমা প্রকাশের আহ্বান জানিয়েছে তারা।

Advertisement

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুর রহমানের সই করা এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার এশিয়া পোস্টে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক রয়েছেন। প্রতিবেদনে ওই ১০ জনের নামও প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রতিবেদনে উল্লেখ করা ১০ শিক্ষকের কেউই বর্ণিত ঘটনার সঙ্গে জড়িত নন। প্রতিবেদন প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া বা তথ্য যাচাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

কর্তৃপক্ষের দাবি, এমন সংবাদে নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও দেশবাসীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে প্রতিবাদলিপিতে জানানো হয়। একই সঙ্গে প্রতিবেদনটির সংশোধনী, ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবে।

প্রতিবাদলিপিতে সংবাদমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশেরও অনুরোধ জানানো হয়েছে।