বাউবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. রফিকুল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
বিজ্ঞাপনে উল্লিখিত নিয়োগের শর্ত অনুযায়ী, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদান হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। এ ছাড়া তিনি উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন ও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জানা যায়, অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
.png)






