১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে দুই ট্রেন

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি শুরু করতে যাচ্ছে ‘তিতুমীর এক্সপ্রেস’ ও ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’। একই সঙ্গে রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলস্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছেন অনুমোদনের পরপরই ট্রেনে যাত্রা বিরতি শুরু হয়ে যাবে। কিন্তু স্টেশনটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ফলে এটি চালুর জন্য কিছু সংস্কারমূলক কাজ প্রয়োজন, যার জন্য খানিকটা সময় লাগছে। সে পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও জানান, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেন রাবি স্টেশনে যাত্রা বিরতি দেবে। এছাড়া গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের বিরতির বিষয়ে আলোচনা চলছে। এই সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাত্রিকালীন ট্রেনের সময়ের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত শাটল বাস চালু রাখা হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি টিকিট কেটে যাতায়াত করার অনুরোধ জানান এবং সর্বাবস্থায় দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব আচরণের আহ্বান জানান।
রাবি রেলস্টেশনটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গত ৬ আগস্ট এই স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়।

