জবিতে বিশ্বজিতের নামে ‘ফ্যাসীবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসীবাদবিরোধী চত্বর’ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আবেদনের প্রেক্ষিতে জবির কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি কর্তৃক সংস্কার ও আধুনিকায়নকৃত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জবি প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর অর্পণ করেন। তিনি বলেন, সিপাহি বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রশাসক এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জবিকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
