জুলাই আন্দোলনে জীবনদানকারীরা জাতির শ্রেষ্ঠ সন্তান: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আন্দোলনকে বেগবান করতে কাজ করেছিলাম।
বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকার কারণেই আন্দোলন সফল হয়েছে। এ দেশের রাজনীতিবিদরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাজি রেখে ছাত্র-জনতার পাশে থেকে তাদের ঐক্যবদ্ধ করেছিলেন বলেই আন্দোলন সফল হয়েছিল।
আন্দোলনের কৃতিত্ব দাবিদারদের সমালোচনা করে মন্ত্রী বলেন, যাদেরকে জুলাই আন্দোলনের সময় একদিনও মাঠে দেখা যায়নি, তারাও আজ নিজেদের আন্দোলনের মূলহোতা হিসেবে দাবি করছেন। কিন্তু জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের সেই দাবির জবাব দিয়েছে। জনগণ ভালো করেই জানে কার হাতে রাষ্ট্র নিরাপদ এবং কারা সংকটের সময় জনগণের পাশে থাকে। জনগণকে বিভ্রান্ত করা যায় না, ভবিষ্যতেও যাবে না।
অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, ঢাকা কলেজের অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
.png)






