Advertisement

জবির ৬৪২ শিক্ষার্থীকে ৯৫ লাখ টাকার গবেষণা অনুদান

এশিয়া পোস্ট নিউজ, জবি
জবির ৬৪২ শিক্ষার্থীকে ৯৫ লাখ টাকার গবেষণা অনুদান
গবেষণা অনুদান চেক হাতে ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন। ছবি : এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ জন গবেষক-শিক্ষার্থীকে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুদানের এই অর্থ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (ইএফটিএন) মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে সরাসরি পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে। তিনি জানান, আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার বিশ্ববিদ্যালয়ে গবেষণায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২১ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বক্তব্যে গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতাও কামনা করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে ডিনস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, গবেষণা অ্যাওয়ার্ড, মেধা ও আবাসন বৃত্তি প্রদান, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ক্লাস ও পরিচয়পত্র বিতরণ, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ এবং অনলাইনে একাডেমিক সনদের আবেদন মডিউল চালু করা হয়েছে। খুব শিগগিরই ‘ইক রেসপন্স’ অ্যাপ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার সঠিক মান নিশ্চিত করতে সবাইকে আরও যত্নশীল হতে হবে। এই অর্থ সহায়তা গবেষণার গুণগত মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (থিসিস) পর্যায়ের ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল পর্যায়ের ৪৯ জনকে ২৪ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৯৫ জন পিএইচডি গবেষককে ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।