Advertisement

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা
নিউমার্কেটে হামলায় দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্র জানায়, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কেএম চঞ্চলের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিম’ ফুটপাতের দোকান এবং ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলতে যান। বিষয়টি জানতে পেরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।

খবর পেয়ে কেএম চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা, রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

হাসপাতালে  চিকিৎসা নেন এক আহত। ছবি: এশিয়া পোস্ট
হাসপাতালে চিকিৎসা নেন এক আহত। ছবি: এশিয়া পোস্ট

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার বলেন, আমরা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলছে। আমরা প্রতিবাদ জানালে তারা প্রথমে গালাগাল করে। এর কিছুক্ষণ পরই চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি বাহিনী আমাদের ওপর হামলা চালায়।

হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তারা ক্যাম্পাসের সামনের সড়কে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন এশিয়া পোস্টকে জানান, মারামারির ঘটনাটি আমরা শুনেছি, তবে কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :