কিউএস বিশ্ব র্যাংকিংয়ে আবারও দেশসেরা ঢাবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৭ সালের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এদিকে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র্যাংকিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন ঘটিয়েছে। প্রকাশিত ফলাফলে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ২৮.৩। ‘একাডেমিক সুনাম’ সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮.৩ স্কোর অর্জন করেছে।
‘কর্মসংস্থান ফলাফল’ সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫.০ স্কোর অর্জন করেছে। একইসঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৫০.৮।
গবেষণা ও আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। ‘আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক’ সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.১, ‘টেকসই উন্নয়ন’ সূচকে ৬০.৬, ‘সাইটেশনস পার ফ্যাকাল্টি’ এবং ‘শিক্ষক-শিক্ষার্থী অনুপাত’ সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮.০ ও ৮.০। ‘আন্তর্জাতিক শিক্ষক অনুপাত’ সূচকে ২.০ এবং ‘আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত’ সূচকে ১.৪ স্কোর অর্জিত করেছে।



