Advertisement

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেলেন পাবিপ্রবি শিক্ষার্থী ফাতেমা

এশিয়া পোস্ট নিউজ, পাবিপ্রবি
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেলেন পাবিপ্রবি শিক্ষার্থী ফাতেমা
শিক্ষার্থী আল ফাতেমা। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ‘ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স’ স্কলারশিপ অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাতেমা।

এই স্কলারশিপের মাধ্যমে তিনি ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ‘অ্যাডভান্সড স্পেকট্রোস্কপি ইন কেমিস্ট্রি’ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে তার ইউরোপ যাত্রাও নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আল ফাতেমা পাবিপ্রবির রসায়ন বিভাগ থেকে বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া প্রথম নারী শিক্ষার্থী। একই সঙ্গে ‘অ্যাডভান্সড স্পেকট্রোস্কপি ইন কেমিস্ট্রি’ বিষয়ে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জনকারী প্রথম বাংলাদেশি নারী এবং এই বিষয়ে বাংলাদেশ থেকে সামগ্রিকভাবে তৃতীয় শিক্ষার্থী তিনি।

দীর্ঘদিন ধরে গবেষণাগারে নিরলস গবেষণা, একাগ্রতা ও মেধার স্বাক্ষর রেখে তিনি এই সাফল্য অর্জন করেন। পড়াশোনার অংশ হিসেবে ইউরোপের একাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে আল ফাতেমা বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। তার রহমত ছাড়া আজকের এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। আমার বিশ্বাস, জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম, ধৈর্য, ধারাবাহিকতা এবং নিজের লক্ষ্যের প্রতি অটল থাকা। মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জন আমার জীবনের অন্যতম বড় মাইলফলক। এটি শুধু একটি স্কলারশিপ নয়; বরং আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের সঙ্গে কাজ করার এক অনন্য সুযোগ।

তিনি আরও বলেন, এই দীর্ঘ পথচলায় আমার পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন, সম্মানিত শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ, সমাজ এবং বিজ্ঞান গবেষণার উন্নয়নে অবদান রাখতে চাই। এই নতুন যাত্রায় সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।

আল ফাতেমার এই অসাধারণ অর্জনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও স্বজনদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করায় রসায়ন বিভাগের শিক্ষকরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।