শেকৃবিতে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা-১২ আসনের সাংসদ ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যেহেতু জমির পরিমাণ বাড়ানো সম্ভব নয়, তাই ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটানো কৃষিবিদদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য পড়াশোনাকে আরও বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে এতে বড় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, তথাকথিত ছাত্ররাজনীতির নামে হানাহানি এবং ক্যান্টিন-ডাইনিংয়ে বাকি খাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জানান, বাংলাদেশের একটা বড় সমস্যা করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম। পলিটিক্যাল পার্টির নেতারা দুর্নীতি, স্বজনপ্রীতি আর দুঃশাসনে জড়িত। এর মধ্য দিয়ে তারা এই দেশকে ৫৬ বছর বিভাজনের রাজনীতি করে, লাল সবুজের পতাকা খামচে ধরে আছে। ফলে দেশের তরুণ সমাজ আজ এতটাই হতাশ যে, তারা দেশ নিয়ে আর ভাবতেই চায় না, চিন্তাও করে না, ধারণও করে না।
তিনি আরও জানান, গত ইন্টেরিমের সময় প্রকাশিত শ্বেতপত্রে প্রকাশ করেছে। সেখানে দেখা যায় ফ্যাসিস্ট সরকার ২৪০ বিলিয়ন ডলার পাচার করেছে যা এদেশের ৮ বছরের বাজেটের সমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সাংসদ ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন, প্রধান আলোচক হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।


