logo
Advertisement

জাবি উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, জাবি
জাবি উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ
এটিএন নিউজের টকশোতে ড. মারুফ মল্লিক।

সম্প্রতি এটিএন নিউজের একটি টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাদা দলের শিক্ষক হিসেবে উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাদা দল নামে কোনো শিক্ষক সংগঠন নেই। বিএনপিপন্থি শিক্ষকদের সাংগঠনিক প্ল্যাটফর্ম হিসেবে এখানে রয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ)। সুতরাং, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাদা দলের শিক্ষক হিসেবে অভিহিত করা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। যথাযথ তথ্য যাচাই না করে তাকে ভিন্ন একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন দায়িত্বশীল নেতা হিসেবে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফোরামের সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ফোরামের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে মনোনীত হয়ে ২০০৫ ও ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের টকশোতে উপস্থাপক মাশায়েখ শশীর সঞ্চালনায় অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ ও ড. মারুফ মল্লিক অংশ নেন। এসময় উপাচার্যকে সাদা দলের এবং ভিন্ন সংগঠনের ইঙ্গিত করে বক্তব্য দেন আলোচকরা।