Advertisement

তিতুমীর কলেজে ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, সরকারি তিতুমীর কলেজ
তিতুমীর কলেজে ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ
হামলায় আহত তিতুমীর কলেজে ছাত্রশক্তির দুই নেতা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতাসহ কয়েক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কলেজের অডিটরিয়ামে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

হামলায় সংগঠনটির তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আল নোমান নিরবসহ কয়েকজন আহত হয়েছেন। আহত দুই নেতাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির নেতাদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সংগঠনটির নেতাকর্মীরা অডিটরিয়ামে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি, সদস্য সচিব আল নোমান নিরবসহ আমাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছি।

তিনি অভিযোগ করেন, হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয়েছে এবং তার চোখেও আঘাত করা হয়েছে। হামলার পরও হামলাকারীরা তাদের খুঁজছে বলে দাবি করেন তিনি।

সাখাওয়াত বলেন, আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। যারা ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আমরা দমে যাব না। চিকিৎসা শেষে আবার ক্যাম্পাসে ফিরব।

হামলার সময় কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ সংসদের সদস্য সচিব আল নোমান নিরব বলেন, কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম। কোনো ধরনের উসকানি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা অডিটরিয়ামে ঢুকে আমাদের ওপর হামলা চালায়।

তার দাবি, হামলায় ছাত্রশক্তির নেতাকর্মী, সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আল নোমান নিরব আরও বলেন, আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি। এরপরও হামলাকারীরা আমাদের খুঁজছে। আমরা দেশবাসী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তবে হামলার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবারও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে।