logo
Advertisement

ববির ছাত্রী হলে ইন্টারনেট সংকট

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ববি
ববির ছাত্রী হলে ইন্টারনেট সংকট
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

প্রায় এক বছর ধরে দুর্বল ও অস্থিতিশীল ইন্টারনেট সংযোগের সমস্যায় ভুগছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা। একাধিকবার অভিযোগ জানিয়েও সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, ভার্চুয়াল মিটিংসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রী হলগুলোর ওয়াই-ফাই সংযোগ দুর্বল ও অনিয়মিত হওয়ায় একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে বাধ্য হয়ে ব্যক্তিগত মোবাইল ডাটা ব্যবহার করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের বাড়তি আর্থিক ব্যয়ের মুখেও পড়তে হচ্ছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক হলগুলোতে কয়েক মাস আগেই ইন্টারনেট সংযোগ উন্নত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে কবি সুফিয়া কামাল হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, হলের ইন্টারনেট ব্যবহারই করা যায় না। ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি মাসে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। এই অতিরিক্ত খরচ আমাদের জন্য চাপের। সমস্যার বিষয়ে আমরা একাধিকবার হল কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবারই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল শেরেবাংলার আবাসিক শিক্ষার্থী এনায়েত হাসান জানান, বিজয়-২৪ হলে প্রায় ছয় মাস আগে ভালো মানের ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া শেরেবাংলা হলেও প্রায় তিন মাস আগে ইন্টারনেট সংযোগের উন্নয়ন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সমস্যাটি কোনো নির্দিষ্ট কক্ষ বা রাউটারে সীমাবদ্ধ নয়। হলের রিডিং রুম, কমন রুম, বিভিন্ন কক্ষ ও উপরের তলার অধিকাংশ জায়গাতেই একই ধরনের সমস্যা রয়েছে। দুর্বল সংযোগের কারণে অনেক সময় অনলাইনে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা, ভার্চুয়াল মিটিং কিংবা ভিডিও কল করাও সম্ভব হয় না। বাধ্য হয়ে শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগ করতে হয়।

এ বিষয়ে তাপসী রাবেয়া বসরী হলের প্রভোস্ট শারমিন আক্তার জানান, ছাত্রীদের দুটি আবাসিক হলের ইন্টারনেট সংযোগ দ্রুততর ও উন্নত করার কাজ শিগগিরই শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তর আমাকে জানিয়েছে।