Advertisement

ছুটি কাটাতে অনুমতির তোয়াক্কা করেন না বেরোবির কর্মচারী মাসুদ রানা

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
ছুটি কাটাতে অনুমতির তোয়াক্কা করেন না বেরোবির কর্মচারী মাসুদ রানা
মাসুদ রানা। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের সেমিনার অ্যাটেনডেন্ট মো. মাসুদ রানার বিরুদ্ধে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। টানা ১০ দিন ছুটি ছাড়া তিনি কর্মস্থল থেকে উধাও ছিলেন। পরে এক দিন তাকে কর্মস্থলে দেখা গেলেও পরদিন থেকে তার আর দেখা মেলেনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর এ অভিযোগ করেন বেরোবি হল প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান।

অভিযোগে বলা হয়, হলের সেমিনার অ্যাটেনডেন্ট মো. মাসুদ রানা গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত টানা ১০ দিন কোনো ধরনের ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বর্তমানে তিনি কোনো মৌখিক বা লিখিত ব্যাখ্যা প্রদান ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে হলের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ছাড়া বিষয়টি তদন্ত করে রেজিস্ট্রারকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরেই অফিসে অনিয়মিত। অধিকাংশ সময়ই তিনি পূর্বানুমতি বা ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। সর্বশেষ টানা ১০ দিন অনুপস্থিত থাকার পর এক দিন অফিসে উপস্থিত হলেও পরদিন আবার কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত তিনি।

এ বিষয়ে জানতে মো. মাসুদ রানাকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান এশিয়া পোস্টকে বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।