নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জগন্নাথ হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ১৯৮৫ সালের এই মর্মান্তিক ঘটনা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে এক সুতোয় গেঁথেছিল। সমাজে সেই ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার এবং আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসে সবার নির্বিঘ্নে বসবাসের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল, হোস্টেল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সকলে কালো ব্যাজ ধারণ করেন। সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এবং বাদ আসর কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে মোনাজাতের আয়োজন করা হয়। এ ছাড়াও দিনব্যাপী নিহতদের তৈলচিত্র ও স্মৃতিচিহ্ন প্রদর্শনীর পাশাপাশি সন্ধ্যায় হল উপাসনালয়ে শোক সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং 'অক্টোবর স্মৃতি' শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জগন্নাথ হল প্রশাসন।
১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের অডিটোরিয়ামের ছাদ ধসে ২৬ জন ছাত্র এবং ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জনের প্রাণহানি ঘটেছিল। এরপর থেকেই প্রতি বছর দিনটিকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস' হিসেবে পালন করা হয়।
