পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকা কলেজে ছাত্রদলের পোস্টারিং

‘বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, মূল ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়।
পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ঢাকা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে পোস্টারগুলো অপসারণ করা হয়েছে।
পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ এশিয়া পোস্টকে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর অসামাজিক বক্তব্যের কারণে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। সে সামাজিকভাবে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। এভাবে তো একটা রাজনীতি হতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক এজেন্ডা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, বিএনপিকে বিরোধিতা করা। এটা ছাড়া তার রাজনৈতিক কোনো স্ট্যান্ড নাই। এনসিপির রাজনৈতিক দর্শন হচ্ছে বিশৃঙ্খলা। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারায় রাজনীতি করুক, আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু সে যদি প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়ায় তাহলে জনগণ ব্যবস্থা নেবে।
অবাঞ্ছিত ঘোষণা সত্ত্বেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা কলেজে আগমন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবে, সেটিকে স্বাগত জানাবো। তবে কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। আমরা সামাজিকতা ও শৃঙ্খলা বজায় রেখেই সব ধরনের কার্যক্রম পরিচালনা করব।
পোস্টারিংয়ের বিরোধিতা করে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, যাদের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে চুলকানি রয়েছে, তারা বিএনপির রাজনীতির সঙ্গে পরিচিত না। এরা গুপ্ত আওয়ামী লীগ। বিএনপি সাবেক নেতা ও বর্তমান কিছু বিরোধী দল ঘায়েল করার জন্য বেশি স্যাটায়ার করে বক্তব্য দেয়, তখন তারা সেখানে দোষ খুঁজে পান না।
তিনি বলেন, বিএনপির নিলুফার মনি, ফজলুল রহমান, দুলু ও জেলা পর্যায়ে নেতাকর্মীদের ভাষা জঘন্য। তারাই আবার ভাষা শিখায়, বিষয়টি হাস্যকর। ঢাকা কলেজ কারও বাবার না, এখানে অবাঞ্ছিত ঘোষণা করা যায় না। হয়তো অগ্রিম ভেবে রেখেছে চাঁদাবাজির তথ্য নাসীরুদ্দীন যেন ফাঁস না করে। এজন্য চাঁদাবাজরা এই কাজ করেছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এশিয়া পোস্টকে বলেন, আমি কোনো পোস্টার দেখিনি। দু-এক জায়গায় পোস্টার হয়তো ছিল। লোক পাঠানো হয়েছে, সম্ভবত তুলে ফেলা হয়েছে। কোনোভাবেই ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ অশান্ত হোক, আমরা তা চাই না।
গত ২৮ জুলাই গণ-অভ্যুত্থানের সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে ‘জুলাই মার্চ’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে একাধিক দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।
.png)


