Advertisement

বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল, সম্পাদক মাহদী

এশিয়া পোস্ট নিউজ, বুটেক্স
বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল, সম্পাদক মাহদী
বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রাতুল সাহা ও সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাতুল সাহা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাহদী হাসান চৌধুরী।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও সমিতির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ সময় নির্বাচন কমিশন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত সভাপতি রাতুল সাহা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী একই ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আলভী আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারেক রহমান ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. রাফি সারোয়ার। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শেফাক মাহমুদ। অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের প্রতিনিধি নাজমুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন খবর প্রতিদিনের প্রতিনিধি মো. শাহরিয়ার ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ ফরহাদ হোসেনের অনুপস্থিতিতে সহকারী নির্বাচন কমিশনার ড. মো. মুরাদ আহমেদ ও মো. সোহাগ বাবু ফলাফল ঘোষণা করেন। পরে সমিতির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, এমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রাসেল আহমেদ, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ এবং দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, বুটেক্স সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম সাংবাদিকদের ‘বুটেক্সের বিবেক’ হিসেবে উল্লেখ করে নতুন কমিটিকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

নবনির্বাচিত সভাপতি রাতুল সাহা বলেন, সমিতিকে গঠনমূলক সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এবং ভুল তথ্য ও অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মো. মাহদী হাসান চৌধুরী বলেন, প্রায় তিন বছর ধরে সমিতির সঙ্গে যুক্ত থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, দায়িত্বশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

সহসভাপতি আলভী আহমেদ বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন। সমিতির স্লোগান ‘সত্য এবং ন্যায়ের পথে অবিচল’কে সামনে রেখে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।