প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত

কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে মনোরম পরিবেশে পদ্মা AWT রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা।
৫ আগস্ট দিনব্যাপী আয়োজনে ছিল ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। এসব প্রতিযোগিতা ও খেলাধুলায় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়।
এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনভর আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি সবাই স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান কর্মকর্তারা। তাদের ভাষ্য, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মনে করে, শিক্ষা ও পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিলে একটি ইতিবাচক ও উদ্দীপনাময় কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।
.png)


