logo

চুয়েটে সর্বাত্মক ‘শাটডাউন’: মূল ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন

চুয়েটে সর্বাত্মক ‘শাটডাউন’: মূল ফটকে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন
চুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অপসারিত উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে চুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে স্তব্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সাধারণ শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

সকাল থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। মূল ফটক অবরুদ্ধ করে তাঁরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’—ইত্যাদি স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, আমাদের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই অপসারণ করা হয়েছে। এর প্রতিবাদে আজ থেকে সর্বাত্মক শাটডাউন ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি। শিক্ষকদের দাবি, অনতিবিলম্বে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনরায় বহাল করতে হবে।

গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে সোমবার রাত থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।