যবিপ্রবির একমাত্র খেলার মাঠের বেহাল দশা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠে সামান্য বৃষ্টিতেই পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের সাধারণ খেলাধুলার পাশাপাশি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ব্যবহারিক ক্লাসসহ মাঠভিত্তিক অন্যান্য কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, সঠিক পরিচর্যা ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি বছরের বেশির ভাগ সময়ই আংশিক বা পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
শুক্রবার (৩১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, এক পশলা বৃষ্টিতেই মাঠের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। কোথাও কোথাও কাদা এতটাই বেশি যে হাঁটাচলা করাও দুষ্কর। মাঠের মাঝখানে কাদার আস্তরণ জমে রয়েছে এবং দীর্ঘদিন পরিচর্যা না করায় ঘাসও অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। এমনকি ভলিবল খেলার নির্ধারিত স্থানেও পানি জমে থাকতে দেখা যায়। সম্প্রতি কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে পুরো মাঠ পানির নিচে তলিয়ে যায়।
প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর জন্য এটিই বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠ। ফলে মাঠটির এমন বেহাল অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি—মাঠ সমতলকরণ, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপন এবং দ্রুত সংস্কারের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা হোক, যাতে সারা বছর নির্বিঘ্নে খেলাধুলা ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করা যায়।
বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের শিক্ষার্থী অংকন তালুকদার বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে কাদায় পরিণত হয়। একই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলা হওয়ায় নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। মাঠে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, নিয়মিত পরিচর্যা, মাঠ সমতলকরণ এবং বিকল্প খেলার মাঠের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালুর আগে মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করা উচিত।
পিইএসএস বিভাগের শিক্ষার্থী অসীম রায় বলেন, সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। বড় ঘাস ও কাদার কারণে আমাদের ব্যবহারিক ক্লাস করতে সমস্যা হচ্ছে। একই মাঠে ক্লাস ও খেলাধুলা চলায় প্রায়ই জায়গার সংকট তৈরি হয়। তাই ব্যবহারিক ক্লাসের জন্য আলাদা নির্ধারিত স্থান এবং কেন্দ্রীয় মাঠের দ্রুত সংস্কার প্রয়োজন।
এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. শাহেদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠের পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনের কাজ আমাদের দপ্তরের নয়। খেলা বা টুর্নামেন্ট চলাকালে মাঠের উপযোগিতা বজায় রেখে খেলা পরিচালনা করাই আমাদের মূল দায়িত্ব। তবে সার্বিক বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, কেন্দ্রীয় খেলার মাঠটি সারা বছর খেলার উপযোগী রাখতে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে কাজটি কবে নাগাদ শুরু করা সম্ভব হবে, তা কাজের পরিধি ও বরাদ্দকৃত বাজেটের ওপর নির্ভর করবে। মাঠ সমতল করতে ঠিক কতটুকু মাটি প্রয়োজন, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
.png)






