বছর পেরোলেও পাবিপ্রবির দুই হলের শিক্ষার্থীদের মেলেনি পরিচয়পত্র

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ ও গণতন্ত্র আবাসিক হলের শিক্ষার্থীরা হলে ওঠার এক বছর পেরিয়ে গেলেও এখনও পাননি পরিচয়পত্র। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও দীর্ঘ সময়ে তা সরবরাহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে।
২০২৫ সালের ১ আগস্ট থেকে জুলাই-৬ হলে এবং একই বছরের ডিসেম্বর থেকে গণতন্ত্র হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের কক্ষে ওঠার অনুমতি দেয় হল প্রশাসন। তবে জুলাই-৬ হলে শিক্ষার্থীদের ওঠার এক বছর এবং গণতন্ত্র হলে ওঠার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি হলের পরিচয়পত্র।
এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জুলাই-৬ ও গণতন্ত্র হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেও হলের পরিচয়পত্র পাননি। ফলে পরিচয়পত্র ছাড়াই তাদের হল জীবন শেষ হয়েছে।
জুলাই-৬ হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, হলে ওঠার এক বছর হয়ে গেলেও আমাদের এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি। প্রশাসন এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে কোনো অভিযোগ, আবেদন, প্রশাসনিক কাজ বা জরুরি পরিস্থিতিতে আমরা অসুবিধায় পড়ছি। আশা করি, হল প্রশাসন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।
গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থী ঐশী আক্তার বলেন, হল চালু হওয়ার প্রায় এক বছর হয়ে গেলেও আমরা এখনও আইডি কার্ড পাইনি। ফলে পরিচয় নিশ্চিত করা, হলের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও এমন বৈষম্য কাম্য নয়। তাই দ্রুত মেয়েদের হলের শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান জানান, আইডি কার্ডের কাজ চলছে, দেওয়া হবে। আমার খেয়াল ছিল না। আমি মনে করেছিলাম, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হবে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, হল থেকেই দিতে হবে। আমি কাজ শুরু করে দিয়েছি।



