স্টামফোর্ডের আলোকবর্তিকা ড. হান্নান ফিরোজের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৭১তম জন্মবার্ষিকী আজ ১ অক্টোবর। দিনটি ছিল স্মৃতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আবেগময়। সিদ্ধেশ্বরী ক্যাম্পাস যেন ক্ষণিকের জন্য ফিরে গিয়েছিল সময়ের স্রোত বেয়ে এক স্বপ্নদ্রষ্টা শিক্ষানুরাগীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিময় অধ্যায়ে। তার জন্মবার্ষিকী উপলক্ষে একত্রিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও তার দীর্ঘদিনের প্রিয় সারথীরা।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টা ০১ মিনিটে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে স্মরণ করা হয় এই কর্মবীর ও দূরদর্শী শিক্ষাবিদকে।
এ আয়োজন যেন কেবল একটি জন্মদিন উদযাপন ছিল না; বরং ছিল সময়ের সীমানা অতিক্রম করে একজন স্বপ্নদ্রষ্টার কর্ম, আদর্শ ও অবদানের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন মুহূর্ত। উপস্থিত সবার স্মৃতিতে নতুন করে জেগে ওঠে সেই মানুষটির পদচিহ্ন, যার স্বপ্ন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় গড়ে উঠেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের স্মৃতিচারণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের বলেন, ‘তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না; তিনি ছিলেন এক অগ্নিশিখা, যিনি অন্ধকারে আলো জ্বেলে পথ দেখিয়েছিলেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা ও জনাব মো. জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, একাডেমিক অ্যাডভাইজার, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় আচার্য, ডিরেক্টর অব ফাইন্যান্স মোহাম্মদ মোতাহের হোসেন, পিআরডি প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ারের অ্যাডভাইজার তামান্না জেরিন এবং ভারপ্রাপ্ত এডমিশন প্রধান আশিক মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ ১৯৫৬ সালের ১ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা বিস্তার ও উচ্চশিক্ষার প্রসারে নিবেদিত এই শিক্ষানুরাগী ২০১৭ সালের ২৯ অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন।
তার প্রজ্জ্বলিত শিক্ষার আলো, দূরদর্শী নেতৃত্ব এবং মানুষের জন্য কিছু করে যাওয়ার অদম্য প্রত্যয় আজও স্টামফোর্ড পরিবারের পথচলায় অনুপ্রেরণার উৎস। সময় পেরিয়ে যায়, প্রজন্ম বদলায় কিন্তু কিছু মানুষের স্বপ্ন ও কর্ম কখনো হারিয়ে যায় না। প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ তেমনই এক নাম, যার স্মৃতি ও অবদান স্টামফোর্ডের ইতিহাসে আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবে।
