গোবিপ্রবিতে ১৭ স্টুডেন্ট বাসের মধ্যে অচল ৬টি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বরাদ্দকৃত ১৭টি বাসের মধ্যে ৬টি দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে। তবে অচল বাসগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করতে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৩১টি যানবাহনের মধ্যে স্টুডেন্ট বাস রয়েছে ১৭টি। যার মধ্যে ১১টি সচল এবং ৬টি বন্ধ রয়েছে। এ ছাড়া শিক্ষকদের জন্য একটি বাস, কর্মকর্তাদের জন্য একটি কোস্টার, চারটি মাইক্রোবাস, ছয়টি জিপ, একটি পিকআপ ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অচল বাসগুলোর কয়েকটি ৬ বছর ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া ১১ নম্বর বাসটি টায়ারের অভাবে বর্তমানে চলাচল করছে না।
বছরের পর বছর এসব বাস মেরামত না হওয়ায় সেগুলোর অবস্থা আরও অবনতি হচ্ছে। অন্যদিকে, শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে বর্তমানে চারটি বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে, যার জন্য বিশ্ববিদ্যালয়কে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবহন প্রশাসক হাসেম রেজা বলেন, প্রাপ্ত অর্থ যথেষ্ট নয়। মেরামতের জন্য যে বাজেট আসে, তা দিয়ে মোটামুটি নিয়মিত চলমান বাসগুলোর মেরামতের কাজ করা যায়। গ্যারেজ পর্যাপ্ত নেই। আরও কয়েকটি শেড দিতে হবে। নতুন উপাচার্য স্যার বিষয়টি অবগত আছেন। আশা করছি, খুব দ্রুত গ্যারেজের সমস্যা সমাধান হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র অ্যাম্বুলেন্স শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য যথেষ্ট কি না—জানতে চাইলে তিনি বলেন, জরুরি ভিত্তিতে আরেকটি অ্যাম্বুলেন্স প্রয়োজন। তবে বাজেটের সীমাবদ্ধতা রয়েছে। এ ছাড়াও হেলপার ও ড্রাইভার সংকট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমাকে কিছুদিন সময় দাও। আমরা বাসগুলো নিয়ে কাজ করছি। এগুলো মেরামত করে আবার সচল করার জন্য চেষ্টা করছি। যেহেতু আমাদের অর্থ সংকট আছে আমরা নতুন বাস কিনতে পারবো না, তাই এগুলোকে কিছু টাকা খরচ করে আবার ব্যবহার উপযোগী করার চেষ্টা করছি তবে কিছু দিন সময় লাগবে।



