logo

ববিতে শিক্ষক নিয়োগে যোগ্যতার শর্ত পরিবর্তন, কারসাজির অভিযোগ

ববিতে শিক্ষক নিয়োগে যোগ্যতার শর্ত পরিবর্তন, কারসাজির অভিযোগ
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তিন ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিয়োগপ্রক্রিয়া শুরুর আগেই বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্ত পরিবর্তন করে কারসাজির অভিযোগ উঠেছে। উপাচার্যের আস্থাভাজনদের সুযোগ করে দিতে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি বিভাগে কৃষিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একইসঙ্গে প্রভাষক পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি, যা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের বয়সসংক্রান্ত গেজেটের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তবে প্রশাসনের দাবি, বিভাগগুলোতে বৈচিত্র্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বয়সসীমা উল্লেখ না করার বিষয়টি ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

অভিযোগ উঠেছে, উপাচার্যের পূর্ববর্তী কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সুযোগ করে দিতেই নিয়োগ বিজ্ঞপ্তিতে এ পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টসহ কৃষির সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা নেই এমন কয়েকটি বিভাগেও কৃষি বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা আবেদন করেছেন বলে জানা গেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট কয়েকটি বিভাগে কৃষিসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে। অথচ আগের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে এসব বিভাগে ভিন্ন বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি প্রকৌশল বিভাগের নাম উল্লেখ করা হতো। এবার সেই শর্তের পরিবর্তে কৃষিসংশ্লিষ্ট বিভাগের ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির এশিয়া পোস্টকে বলেন, বিভাগগুলোতে বৈচিত্র্য আনতে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে কৃষিসংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ডের আবেদনকারীদের সুযোগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি এভাবে প্রকাশ করা হয়েছে। কৃষিসংশ্লিষ্ট বিষয়টি শুধু কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের জন্য রাখা হয়েছে। এ বিভাগে কৃষিসংশ্লিষ্ট কোর্স রয়েছে।

প্রভাষক পদে বয়সসীমা উল্লেখ না করার বিষয়ে তিনি বলেন, এটা ভুলে হয়েছে।

তবে বিভাগগুলোর পাঠ্যক্রম (সিলেবাস) বিশ্লেষণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে কৃষিসংশ্লিষ্ট কোনো কোর্স নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা। ফলে এসব বিভাগে কৃষিসংশ্লিষ্ট ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন এশিয়া পোস্টকে বলেন, আমাদের বিভাগের সঙ্গে কৃষিসংশ্লিষ্ট কোনো বিষয়ের সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো চাহিদাও দিইনি। নতুন ও ভিন্নধর্মী নিয়োগ বিজ্ঞপ্তির কারণে এবার কৃষি ব্যাকগ্রাউন্ডের কয়েকজন প্রার্থী আবেদন করেছিলেন। এখন উচ্চপর্যায়ের কেউ যদি তাদের কার্ড দিয়ে নিয়োগের সুযোগ করে দিতে চান, তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ধীমান কুমার রায় এশিয়া পোস্টকে বলেন, আমরা এবার পরিবর্তনশীল এক ধরনের বিজ্ঞপ্তি দেখেছি, যেখানে বিষয়গুলো বেশ অস্পষ্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের সঙ্গেই আসলে কৃষির কোনো বিষয় জড়িত নয়। আমার বিভাগের কথা বলতে গেলে, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যার সঙ্গে কৃষির সংশ্লিষ্টতা নেই।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে কৃষিসংশ্লিষ্ট কোনো কোর্স নেই বলে নিশ্চিত করেছেন বিভাগের এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমাদের বিভাগে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোর্সই নেই। যদি কেউ (প্রশাসনের দিকে ইঙ্গিত করে) কৃষিবিষয়ক ডিগ্রিধারী কাউকে ইঞ্জিনিয়ারিংয়ে বিভাগে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা শুভকর হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এশিয়া পোস্টকে বলেন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে কৃষি নিয়েই কাজ। এখানে নাম-কাজে একটু ভিন্নতা আছে। এই সাবজেক্টটি ইঞ্জিনিয়ারিং এবং কৃষির সমন্বয়ে গঠিত এজন্য কৃষি ব্যাকগ্রাউন্ডের শিক্ষক দরকার হবে।

সরকারের নির্দেশনা থাকলেও বয়সের বাইন্ডিং কেন দেওয়া হয়নি এ বিষয়ে তিনি বলেন, বয়সের চেয়ে যোগ্যতায় মুখ্য। যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে এটি উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহযোগী অধ্যাপক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ভূতত্ত্ব ও খনিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে একটি করে মোট পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে রসায়ন ও ইতিহাস বিভাগে একটি করে মোট দুজন এবং প্রভাষক পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, গণিত, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে একটি করে মোট সাতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।