logo
Advertisement

নতুন প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন আসবে: শিশির মনির

এশিয়া পোস্ট নিউজ, চবি
নতুন প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন আসবে: শিশির মনির
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন আসবে। তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়ন করতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিশির মনির বলেন, দেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমাদের প্রয়োজন প্রতিভাবান ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ, নারী-পুরুষ নির্বিশেষে। যারা তাদের জ্ঞান ও কাজের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে, এমন মেধাবী মানুষদেরই আমাদের দরকার। ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যার সঙ্গেই কাজ করি না কেন, মূল লক্ষ্য হতে হবে দেশের কল্যাণ।

তিনি আরও জানান, কোনো বড় পদে বসলেই মানুষ সম্মানিত হয়ে যায় না, বরং ব্যক্তির যোগ্যতা, নীতি ও কাজের মাধ্যমে সেই পদ সম্মানিত হয়। শ্রেণিকক্ষেই আমরা দেখি— শিক্ষকের বড় ডিগ্রি থাকলেও সবাই শিক্ষার্থীদের হৃদয় স্পর্শ করতে পারেন না। শিক্ষকতা কিংবা নেতৃত্ব—সবক্ষেত্রেই প্রকৃত মান ও আন্তরিকতাই আসল মূল্যায়ন তৈরি করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনারা আপনাদের মেধাকে বিকশিত না করেন, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আর যদি আপনারা মেধা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে আসেন, তবে এই দেশ নিশ্চিতভাবেই এক নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের দিশা পাবে। আসুন, আমরা সবাই মিলে আমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে এই প্রিয় জন্মভূমিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই।