logo
Advertisement

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ

এশিয়া পোস্ট নিউজ, ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ
শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ (বাঁয়ে) এবং তার পুরস্কৃত ‘ফ্লোটিং সারভাইভাল’ ছবিটি (ডানে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং—হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৪’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ। তার আলোকচিত্রটির শিরোনাম ছিল ‘ফ্লোটিং সারভাইভাল’।

Advertisement

চলচ্চিত্র ও গণমাধ্যম (ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) বিভাগের এই শিক্ষার্থীর এ অর্জনের জন্য পুরস্কার হিসেবে তাকে ২৫০ মার্কিন ডলার দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রদর্শনীতেও তার ছবিটি স্থান পেয়েছে।

ঢাকার সদরঘাটে ধারণ করা এ ছবিতে দেখা যায়—কয়েকজন মাঝি সারা দিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কাজ শেষে অনেকেরই বাড়ি ফেরার সুযোগ হয় না, তাই জীবিকার মাধ্যম এই নৌকাতেই দিনশেষে রাতের আশ্রয় খুঁজে নেন তারা। কর্মস্থল ও ঘরকে একই সুতোয় বাঁধা মাঝিদের এমন জীবনসংগ্রামই উঠে এসেছে শ্রাবণের ক্যানভাসে।

প্রতিযোগিতাটির মূল প্রতিপাদ্য ছিল প্রতিকূলতা ও সংকট উৎরে মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত আলোকচিত্রীদের সঙ্গে টেক্কা দিয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে শ্রাবণ এ খেতাব অর্জন করেন। এতে ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারতের আলোকচিত্রীরা অংশ নেন।

আন্তর্জাতিক স্বীকৃতির অনুভূতির কথা জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবণ বলেন, বিশ্ব আলোকচিত্র দিবসের পরপরই এমন একটি আন্তর্জাতিক অর্জনের খবর পাওয়া সত্যিই আনন্দের ও অনুপ্রেরণাদায়ক। এ স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় ছবির মাধ্যমে মানুষের গল্প বলতে পছন্দ করি। এ অর্জন সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

ইশতিয়াক আহমেদ শ্রাবণ ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজের পাশাপাশি ‘ফটোট্যুর বাংলা ডটকম’ পরিচালনা করছেন। এর আগেও তার আলোকচিত্র আন্তর্জাতিক পর্যায়ে আটটি পুরস্কার অর্জন করেছে।