logo

রাজধানীতে গ্যারেজে আগুন, পুড়ল জবি শিক্ষার্থীদের বাস

রাজধানীতে গ্যারেজে আগুন, পুড়ল জবি শিক্ষার্থীদের বাস
আগুনে ক্ষতিগ্রস্ত জবি শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাস। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাস। আগুনে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরের আসনগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের উদ্দেশ্যে শনিবার (১৭ অক্টোবর) মাতুয়াইলের ওই গ্যারেজে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে আগুনের সূত্রপাত হয়। ওই বাসে পেট্রোল থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। পরে আগুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙ্গর’ বাসেও ছড়িয়ে পড়ে। এতে বাসটির একটি বড় অংশ পুড়ে যায় এবং ভেতরের আসনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। মেরামত শেষ না হওয়া পর্যন্ত বাসটি চলাচলের উপযোগী হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহন সেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক এশিয়া পোস্টকে বলেন, আমরা গতকাল সার্ভিসের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এসময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পরিবহন প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করার আশা রয়েছে। তবে মেরামতে কত সময় লাগবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটি মেরামত করে পুনরায় চালু করা গেলে নরসিংদী রুটের শিক্ষার্থীরা আবারও নিয়মিত পরিবহন সেবা পাবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।